জাপান উপকূলে টাইফুনের মধ্যে ৪৩ ক্রু ও ৬ হাজার গবাদি পশুসহ একটি মালবাহী জাহাজ নিখোঁজ হওয়ার পর এক ব্যক্তিকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। পূর্ব চীন সাগরে টাইফুন মাইসাকের কবলে পড়ার পর ‘গাল্ফ লাইভস্টক ওয়ান’ নামের জাহাজটি থেকে বিপদ সংকেত পাঠানো হয়েছিল।
ঝড়ের কারণে সাগরে প্রচণ্ড ঢেউ ও প্রবল বাতাস বইছে। এর মধ্যেই নিখোঁজ জাহাজ ও এর ক্রুদের সন্ধানে বিমান ও টহল জাহাজযোগে তল্লাশি শুরু করা হয়েছে। গাল্ফ লাইভস্টক ওয়ান ১৩৯ মিটার (৪৫০ ফুট) দীর্ঘ পানামার পতাকাবাহী একটি মালবাহী জাহাজ। ২০০২ সালে জাহাজটি তৈরি করা হয়েছিল। মালবাহী ওই জাহাজটিতে ফিলিপিন্সের ৩৯ জন, নিউজিল্যান্ডের দুই জন ও অস্ট্রেলিয়ার দুই জন নাবিক ছিলেন। লাইফ জ্যাকেট পরা একজন ক্রুকে উত্তাল সাগরে ভাসমান অবস্থায় পাওয়ার পর উদ্ধার করেছে জাপানের কোস্টগার্ড। জাপানের কোস্টগার্ডের ভাষ্য অনুযায়ী, যে ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে তিনি ফিলিপিনো ক্রুদের একজন, বড় একটি ঢেউয়ের আঘাতে উল্টে যাওয়ার আগে জাহাজটির ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাল্ফ লাইভস্টক ওয়ান ১৪ আগস্ট নিউজিল্যান্ড থেকে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছিল, গন্তব্যে পৌঁছতে ১৭ দিন লাগবে বলে ধরে নেওয়া হয়েছিল। বুধবার রাতে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ আমামি ওশিমার পশ্চিম দিকের সাগর থেকে জাহাজটি একটি বিপদ সংকেত পাঠায়। ফিলিপিন্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাপানের ওসাকা শহরের কনস্যুলেটের মাধ্যমে তারা ‘পরিস্থিতি পর্যবেক্ষণ’ করছে আর স্থানীয় কর্তৃপক্ষগুলোর সঙ্গে ‘সহযোগিতা’ করছে। জাপানের কোস্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ধেয়ে আসা টাইফুনের আগেই তারা দ্বিতীয় আরেকটি তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করছে।
