ক্রিকেট ফিরছে পাকিস্তানেও

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:১২

গত মার্চে একেবারে শেষ দিকে গিয়ে থেমে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাধ্য হয়েছিল লিগটার চারটি ম্যাচ বাকি থাকতে বন্ধ করে দিতে। এবার পিসিবি সিদ্ধান্ত নিয়েছে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে পিএসএলের এই বাকি চার ম্যাচ। এর আগেই চলতি মাসের শেষ সপ্তাহে পাকিস্তানে শুরু হবে ঘরোয়া ক্রিকেট।

পিএসএলের বাকি আছে চার ম্যাচ। এর মধ্যে মুলতান সুলতান ও করাচি কিংসের প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। একই দিনে প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে পেলোয়ার জালমি ও লাহোর কালান্দারস। ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় এলিমিনেটর। আর ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। সব ম্যাচ খেলা হবে লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে।

এরই মধ্যে কঠোর জৈব নিরাপত্তার ভেতর দিয়ে ট্রেনিংয়ের জন্য খুলে দেওয়া হয়েছে ন্যাশানাল হাই পারফরম্যান্স সেন্টার। এ ছাড়া পিসিবি তৃৃণমূলের ক্রীড়া সংস্থাগুলোকে কঠোর পদক্ষেপ নিয়ে খেলার প্রস্তুতি শুরু করতে বলেছে।

পিএসএল আর ঘরোয়া লিগ ছাড়াও এই মৌসুমে পাকিস্তান দুইটি আন্তর্জাতিক হোম সিরিজ আয়োজনের কথা ভাবছে। নভেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে আসার কথা জিম্বাবুয়ের। আর ২০২১ সালের জানুয়ারিতে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আসার কথা দক্ষিণ আফ্রিকার।  এদিকে এই মাসেই শুরু হচ্ছে তাদের ঘরোয়া ক্রিকেট। মুলতান ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে জাতীয় টি-টোয়েন্টি কাপ। এরপর শুরু হবে প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদে আজম ট্রফি। এই ট্রফির সবগুলো খেলা করাচির ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।