জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে পাবনায় তিন বীর মুক্তিযোদ্ধার নামে তিনটি সড়কের নামকরণ হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার পৃথক তিনটি স্থান থেকে সড়ক তিনটির উদ্বোধন করা হয়। চাঁদমারি মোড় হতে চাঁদাখার বাশতলা মোড় পর্যন্ত সাবেক জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা নুরুল কাদের খান সড়কের উদ্বোধন করেন তার স্ত্রী রোকেয়া কাদের। লাইব্রেরি বাজার ট্রাফিক মোড় হতে পুলিশ লাইন হয়ে প্রধান ডাকঘর পর্যন্ত আমিনুল ইসলাম বাদশা সড়কের উদ্বোধন করেন তার আত্মীয় পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান। পুরাতন বাসস্ট্যান্ড হতে পূর্বদিকে রবিউল মার্কেটের পাশ দিয়ে ডিপিইউ মন্দির হয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গেট পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা শিরীন বানু মিতিল সড়কের উদ্বোধন করেন তার আত্মীয় বীর মুক্তিযোদ্ধা জাহিদ হাসান জিন্দান।
