হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রংপুর সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রংপুর সিটি করপোরেশনের ৩নং সাধারণ ওয়ার্ড নির্বাচিত কাউন্সিলর মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ফৌজদারি মামলা জি.আর-৫১২/২০১৮ এর সম্পূরক অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০নং আইন) এর ধারা ১২-এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতা বলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যা জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, ২০১৮ সালে একটি হত্যা মামলায় রংপুর সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোস্তাফিজুর রহমানকে প্রধান আসামি করে আদালতে চার্জশিট প্রদান করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা।
