মোহনগঞ্জে মতবিনিময় সভা
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা উপজেলায় নেত্রকোনার জেলা প্রশাসকের সঙ্গে স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মোঃ আব্দুর রহমান। এতে সভাপতিত্ব করেন ইউএনও আরিফুজ্জামান।
পাটগ্রামে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সেনাবাহিনীর এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) রংপুর খাদ্যসামগ্রী বিতরণ করেছে। বৃহস্পতিবার সকালে পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গনি কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ ডিভিশনের আয়োজনে তারা ২৩০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন।
তালায় বৈদেশিক কর্মসংস্থান শীর্ষক সেমিনার
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় অভিবাসন প্রক্রিয়া প্রসারিত, সহজ, নিরাপদ ও সুশৃঙ্খলকরণার্থে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
লালমোহন (ভোলা) সংবাদদাতা উপজেলায় বৃহস্পতিবার প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। সকালে উপজেলার আবুগঞ্জ বাজারে অবস্থিত ডাস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রায় ১০০ প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে নিজ অর্থায়নে ৩ হাজার টাকা করে বৃত্তি প্রদান করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। অনুষ্ঠানের আয়োজন করেছে দ্বীপ উন্নয়ন সোসাইটি ও ডাস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়।
যক্ষ্মা প্রতিরোধে মতবিনিময় সভা
লালমনিরহাট প্রতিনিধি জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার লালমনিরহাট বার্তা কার্যালয়ের হলরুমে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাটাব জেলা শাখার সাধারণ সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম।
বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ওরিয়েন্টেশন সভা
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইজিবাইক চালকদের বৈধ ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বৃহস্পতিবার ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন। আলোচনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সানজিদা ইয়াছমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, বিআরটিএর সহকারী পরিচালক জি এম নাদির হোসেন প্রমুখ।
সীতাকুণ্ড প্রেসক্লাব ভবন নির্মাণকাজের পরিদর্শন
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাকের ভুঁইয়া বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণকাজ পরিদর্শন করেছেন। নির্মাণকাজ পরিদর্শন শেষে আয়োজিত এক সভায় তিনি প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য সব প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
টম্যাটো চাষ সম্প্রসারণে মাঠ দিবস
বেনাপোল (যশোর) সংবাদদাতা বৃহস্পতিবার সকালে যশোরের ঝিকরগাছার দেউলি এলাকায় কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন টম্যাটো চাষ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ রুহুল কবির, যশোর জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম হোসেন প্রমুখ।
ছাগলনাইয়ায় পোনামাছ অবমুক্ত
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা উপজেলা প্রশাসন ও মত্স্য অফিসের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপজেলা কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের।
