দৈনিক দাবানল সম্পাদক খন্দকার গোলাম মোস্তফা বাটুল আর নেই

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:২৬

উত্তর জনপদ রংপুরাঞ্চল থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকার প্রকাশক ও সম্পাদক, প্রবীণ রাজনীতিবিদ, রংপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল (৭৮) আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় রংপুুুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বাটুলের ছোট ছেলে গোলাম মোস্তফা সরওয়ার অনু জানান, তার বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হূদরোগে ভুগছিলেন। গত সোমবার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার তিনি মারা যান। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ৪টায় তার মরদেহ রংপুর প্রেস ক্লাব চত্বরে নেওয়া হয়। বাদ আসর কেরামতিয়া জামে মসজিদ মাঠে জানাজা শেষে মুন্সিপাড়ার কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তার মৃত্যুতে রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক,  সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।