মানিকগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:২৮

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আব্দুর রহিম (২৫) আত্মহত্যা করেছেন। বুধবার বিকালে তিনি নিজ বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের হুকে রশি দিয়ে আত্মহত্যা করেন। মানিকগঞ্জ সদর থানার ওসি আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রহিম মানিকগঞ্জ শহরের দক্ষিণ সেওতা এলাকার আব্দুল হালিমের ছেলে। করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি মানিকগঞ্জে এসে পরিবারের সঙ্গেই বসবাস করছিলেন।

আত্মহত্যার পূর্বে তিনি একটি চিরকুট লিখে গেছেন। সেই লেখাটি আব্দুর রহিমের নিজ হাতের লেখা বলে নিশ্চিত করেছেন তার সহপাঠী এবং পরিবারের সদস্যরা।

মামলার তদন্তকারী কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার এসআই সৈয়দ আযহারুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।