ময়নাতদন্তের জন্য দাফনের ৫৭ দিন পর লাশ উত্তোলন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৩

আড়াইহাজারে ময়নাতদন্তের জন্য দাফনের ৫৭ দিন পর কবর থেকে আলম নামে এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেনের উপস্থিতিতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৭ জুন ইজারকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুরুল হক তালুকদার ওরফে হক মেম্বার এবং জালালের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আইয়ুব নামে এক স্কুলছাত্র নিহত হয়। আইয়ুব ছিল হক মেম্বারের সমর্থক। অপর দিকে জালালের সমর্থক আহত আলম চিকিত্সাধীন অবস্থায় ৯ জুলাই একটি হাসপাতালে মারা গেলে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। এ ঘটনায় প্রতিপক্ষ যাতে মামলা করতে না পারে সেজন্য হক মেম্বারের লোকজন আলমের স্ত্রী জোসনাকে আটক করে রাখে। পরে জোসনা ছাড়া পেয়ে ১৯ জুলাই নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আদালত আলমের লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্ত করার জন্য আদেশ দেন। তার পরিপ্রেক্ষিতে গতকাল লাশ উত্তোলন করা হয়। এ সময় কালাপাহাড়িয়া ফাঁড়ির ইনচার্জ ওসি খন্দকার তবিদুর রহমান ও নিহত আলমের স্ত্রী জোসনা বেগমসহ তার স্বজনরা উপস্থিত ছিলেন।