শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া দুই বিচারপতি। গতকাল বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেওয়া দুই বিচারক হলেন— বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান। শপথ অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
বুধবার সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত এই দুই জন বিচারককে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হলো। এই নিয়োগের মধ্য দিয়ে আপিল বিভাগের বিচারক সংখ্যা গিয়ে দাঁড়াল আট জনে।
