তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ওয়ান ইলেভেনের সরকার দেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্যই খালেদা জিয়াকে গ্রেফতার করেছিল। মূলত তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে মাইনাস করা। গতকাল সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, প্রকৃতপক্ষে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির সীমাহীন দুর্নীতি ও দুশাসনের কারণেই ১/১১-এর সরকার এসেছিল। তিনি বলেন, তাদের কারণেই দেশ পরপর দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। সে সময় বাংলাভাই, শেখ আবদুর রহমান সৃষ্টিসহ দেশের ৬৩ জেলায় একযোগে ৫০০ স্থানে বোমা হামলা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা পরিচালনা করে বর্তমান প্রধানমন্ত্রী ও তত্কালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে হত্যারও অপচেষ্টা হয়।
তথ্যমন্ত্রী বলেন, প্রশাসনিক আদেশে একজন সাজাপ্রাপ্ত আসামিকে ছয় মাসের জন্য মুক্তি দিয়েছেন। এখানে সরকার খালেদা জিয়ার প্রতি যে মহানুভবতা দেখিয়েছে, আর তারা যেভাবে মানুষের প্রতি হিংস্রতা দেখিয়েছে, দুটিই তুলনাহীন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজপথে নামতে পারলে গণতন্ত্রের বিরোধীদের সরাতে পারত—এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির রাজপথে নামতে কোনো বাধা নেই। গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল রাজপথে নেমে প্রতিবাদ করতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা যেখানে মিটিং করছে সেখানে তারা নিজেরা মারামারি করছে। নিয়মতান্ত্রিক আন্দোলন করতে তো কোনো বাধা নেই। আর বিভিন্ন আলটিমেটাম গত সাড়ে ১১ বছর ধরে শুনে আসছি। এখন জনগণ প্রশ্ন করে, তাদের এই আলটিমেটাম কোন বছরের জন্য? তাদের এই বক্তব্যগুলো আসলে হাস্যকর।
