রিজেন্টের সাহেদ ও মাসুদ আট দিনের রিমান্ডে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২২:০৭

১১ কোটি টাকা পাচারের মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে আট দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সিআইডির তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান। অন্যদিকে আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।                এদিকে গতকাল উত্তরা পশ্চিম থানায় দায়েরকৃত প্রতারণার সাত মামলায় সাহেদকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। উত্তরা পশ্চিম থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন বিষয়টি সাংবাদিকদের জানান।

বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা ও জালিয়াতি করে ৭ কোটি ৯০ লাখ টাকা এবং করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে ৩ কোটি ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়ায় গত ২৫ আগস্ট উত্তরা পশ্চিম থানায় অর্থ পাচারের মামলাটি দায়ের করেন সিআইডির পুলিশ পরিদর্শক ইব্রাহিম হোসেন।