দুদকের মামলা

বাগেরহাটের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট এমডির ব্যাংক হিসাব জব্দ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২২:০৯

বাগেরহাটের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মান্নান তালুকদারের ৩০টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত তার ১০৮টি জমির দলিলের সম্পত্তি এবং চারটি গাড়ি ক্রোকের আদেশ দিয়েছেন। বুধবার বাগেরহাটের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক গাজী রহমান শুনানি শেষে এই আদেশ দেন। দুদকের দায়ের করা ১১০ কোটি টাকা পাচার মামলায় আব্দুল মান্নান তালুকদার গত বছরের ১৫ জুলাই আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।

দুদকের কৌঁসুলি (পিপি) মিলন কুমার ব্যানার্জী বলেন, সম্প্রতি দুদকের দায়ের করা টাকা পাচার মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। তদন্তে আব্দুল মান্নানের মালিকানাধীন বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের ৩০টি                  ব্যাংক হিসাব, ১০৮টি দলিলে প্রায় ৪৮ একর জমি ও তার ব্যবহ্নত চারটি গাড়ির সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় দীর্ঘ শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

প্রসঙ্গত. ২০১০ সালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুল মান্নান তালুকদার স্বেচ্ছায় অবসর নিয়ে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড নামে একটি জমি কেনাবেচার প্রতিষ্ঠান গড়ে তোলেন। এরপর তিনি গ্রাহকদের প্রতি লাখে মাসে দুই থেকে আড়াই হাজার টাকা করে দেওয়ার প্রলোভনে বাগেরহাট, খুলনাসহ বেশ কয়েকটি জেলার অন্তত ২০ হাজার গ্রাহকের কাছ থেকে অন্তত ২৯৯ কোটি টাকা আমানত সংগ্রহ করেন। এভাবে আব্দুল মান্নান তালুকদার গত প্রায় ৯ বছরে বাগেরহাটের ১৬টি ব্যাংকের ৩০টি হিসাবে ১১০ কোটি ৩১ লাখ ৯৩৫ টাকা ৫৮ পয়সা জমা করেন।