নাগেশ্বরী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২২:১১

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের গুলিতে ছবিল উদ্দিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া কালাইয়েরচর সীমান্তে। নিহত ছবিল ঐ ইউনিয়নের আইড়মারী চরের মুসা আলীর ছেলে।

জানা যায়, ঐদিন একদল চোরাকারবারি গরু আনতে কালাইয়ের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৩৯/৪-এর পাশ দিয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের অভ্যন্তরে আসাম রাজ্যের মন্ত্রীরচরে প্রবেশ করে। তাদের উপস্থিতি টের পেয়ে আসাম রাজ্যের ৪১ ব্যাটালিয়ন বিএসএফের মন্ত্রীরচর ক্যাম্প সদস্যরা গুলি ছোড়ে। এ সময় ছবিলের কোমরে গুলি লেগে পেট দিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। সহযোগীরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় পথেই সে মারা যায়। পরে কচাকাটা থানা পুলিশ নিহতের মরদেহ থানায় নিয়ে আসে। নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ঐ সীমান্তে মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, নারায়ণপুর সীমান্তের পাখিউড়া বর্ডার আউট পোস্টের (বিওপি) অধীন সীমান্তে এক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। তবে কোনো ব্যক্তির মরদেহ স্পটে পাওয়া যায়নি।

কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ বিএসএফের গুলিতে ছবিল উদ্দিনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।