স্বামীর কৃষিজমিতে হিন্দু বিধবা নারীদের অধিকার বিষয়ে গত ২ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর একক বেঞ্চ ঘোষিত যুগান্তকারী রায়টি অত্যন্ত যুগোপযোগী হয়েছে, যা বৈষম্যের শিকার হিন্দু বিধবা নারীদের অর্থনৈতিক দুরবস্থা মোচতে তাত্পর্যপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এই রায় সমাজে ও পরিবারে হিন্দু বিধবা নারীদের মর্যাদাও প্রতিষ্ঠিত করবে। বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) নারী আন্দোলনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই রায়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানানো হয়েছে।
স্বামীর কৃষিজমিতে অধিকার প্রতিষ্ঠিত হওয়ার এই রায় হিন্দু বিধবা নারীদের মানবেতর জীবনের গ্লানি থেকে রক্ষা করবে। অন্যদিকে পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারে নারী-পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে বিদ্যমান আইন সংশোধনে উদ্যোগ গ্রহণের পথকেও প্রশস্ত করবে।
বিবৃতিতে বলা হয়, আমরা চাই এই রায় বাস্তবায়নে অতিসত্বর আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হোক। যাতে বিধবা নারীরা এই রায়ের পরিপূর্ণ সুফল ভোগ করতে পারে। পাশাপাশি আমাদের দাবি, নারীর প্রতি বিদ্যমান অপরাপর বৈষম্য নিরসনে আইনি বাধা অপসারণেও সরকারের সংশ্লিষ্ট বিভাগ যত্নবান হবে।
