দাঙ্গা হলেই মার্কিন শহরে ফেডারেল তহবিল বন্ধ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২২:১৬

যুক্তরাষ্ট্রে কোনো শহরে দাঙ্গা হলে ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়া হবে। এতদিন হুমকি দিলেও এবার নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে তা বাস্তবে রূপ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বর্ণবাদবিরোধী বিক্ষোভে উত্তাল শহরগুলো সংকটে পড়বে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে পোর্টল্যান্ড, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ও সিয়াটল। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে সুফল পেতে এর আগেই করোনার টিকা নাগরিকদের দেওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও তার রিপাবলিকান দলের সাবেক গভর্নররাও তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে সমর্থন করছেন। খবর ডয়চেভেলে ও রয়টার্সের

হোয়াইট হাউজ থেকে জারি করা বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, আমার প্রশাসন করদাতাদের অর্থ ঐ সব শহরে দেবে না, যেগুলো আইনশৃঙ্খলাহীন অঞ্চলে পরিণত হয়েছে। এর পাশাপাশি অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারকেও বলা হয়েছে, যেসব শহরে সহিংসতার অনুমতি দেওয়া হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেন। সিএনএনকে দেওয়া সাক্ষাত্কারে বার জানিয়েছেন, আমেরিকার পুলিশ বর্ণবাদী নয়। আর যারা প্রতিবাদ ও আন্দোলন চালাচ্ছেন, তাদের ওপর নজর রাখা হচ্ছে। তারা কোথায় যাচ্ছেন, দাঙ্গার আগে কী অস্ত্র কিনছেন সেসবই নজরে আছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে নিউ ইয়র্কের গভর্নর টুইটার বার্তায় জানিয়েছেন, ট্রাম্প নিউ ইয়র্ককে শাস্তি দিতে চাইছেন। কিন্তু তিনি রাজা নন। তিনি কিছুতেই নিউ ইয়র্ককে অর্থ দেওয়া বন্ধ করতে পারেন না। পোর্টল্যান্ডের মেয়র বলেছেন, ট্রাম্প আবার শহরগুলোকে টার্গেট করছেন। তিনি নৈরাজ্য সৃষ্টিকারী।

নির্বাচনের আগেই টিকা

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। এর আগে পহেলা নভেম্বরই করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে নাগরিকদের। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের দায়িত্বপ্রাপ্ত মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ সিডিসি করোনা টিকা বিতরণের রূপরেখা তুলে ধরেছে। রাজ্য সরকারগুলোকে লেখা চিঠিতে ২০২০ সালের পহেলা নভেম্বরের মধ্যে টিকা বিতরণকেন্দ্র কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। মহামারি বিশেষজ্ঞ লরি গ্যারেট টুইটারে মনে করিয়ে দিয়েছেন, যাবতীয় প্রক্রিয়া শেষ করে মাত্র ৫৯ দিনের মধ্যে আমেরিকায় কোভিড-১৯-এর টিকা বিতরণ সম্পূর্ণ অবাস্তব পরিকল্পনা। তার মতে, তাড়াহুড়া করে এমন উদ্যোগ নেওয়া অত্যন্ত বিপজ্জনক।

বাইডেনের পক্ষে রিপাবলিকান গভর্নররা

প্রায় ১০০ রিপাবলিকান এবং নিরপেক্ষ নেতা জো বাইডেনকে সমর্থন করছেন। এদের মধ্যে মিশিগান এবং নিউ জার্সির সাবেক রিপাবলিকান গভর্নররাও রয়েছেন। নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস্টিন টড হুইটম্যান এর নেতৃত্বে আছেন। তিনি বলেন, বাইডেন এক জন ভদ্র এবং স্থির প্রকৃতির মানুষ। ট্রাম্প বিশ্বের কাছে বাইডেনকে ভয়ংকর হিসেবে তুলে ধরছেন। কিন্তু এখন ট্রাম্পের আমেরিকাই ভয়ংকর।