খুনের রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২২:১৭

১১ দিন পেরিয়ে গেলেও নগরীর চান্দগাঁও এলাকায় মা-ছেলে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এখনো পর্যন্ত সন্দেহভাজন আসামি ‘কথিত ভাই’ ফারুককে গ্রেফতার করা সম্ভব হয়নি। গত ২৪ আগস্ট নগরীর পুরাতন চান্দগাঁও থানাসংলগ্ন এলাকায় গুলনাহার বেগম ও তার ছেলে রিফাতকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত গুলনাহারের মেয়ে চান্দগাঁও থানায় ফারুককে আসামি করে হত্যা মামলা করেন।

মেয়ে ময়ূরী জানান, ফারুক নামের ঐ ব্যক্তি তার মাকে বোন ডাকত। সেই সুবাধে তাদের বাসায় যাতায়াত ছিল ফারুকের। একপর্যায়ে ফারুক গুলনাহার বেগমের ওপর ক্ষিপ্ত হয়। সে তাদের হত্যার হুমকি দিয়েছিল বলে ময়ূরী পুলিশের কাছে অভিযোগ করেছেন। ফারুকের বাড়ি খাজা রোড এলাকায়। সে বহদ্দারহাটে তরকারি বিক্রি করত। লাশের অবস্থা দেখে পুলিশ কর্মকর্তারা বলেছেন, গুলনাহার বেগমকে শরীরের বিভিন্ন স্থানে ১৫/১৬টি ছুরিকাঘাত করা হয়েছে। এতে বোঝা যায়, কোনো কারণে গুলনাহার বেগমের ওপর ঘাতক বেশি ক্ষিপ্ত ছিল। হত্যাকারীকে চিনে ফেলায় ছেলে রিফাতকে গলা কেটে হত্যা করে ঘাতক। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আতাউর রহমান ইত্তেফাককে বলেন, মামলার অনেক অগ্রগতি হয়েছে। আশা করি শিগিগরই ভালো খবর জানাতে পারব।’