কোভিড-১৯-এর চ্যালেঞ্জ মোকাবিলায় ‘এক স্বাস্থ্য অ্যাপ্রোচ’ নিতে হবে :কৃষিমন্ত্রী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০৩

কোভিড-১৯ ও জুনোটিক (প্রাণিবাহিত) রোগের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘এক স্বাস্থ্য অ্যাপ্রোচ’ নিতে হবে বলে জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সেখানে মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ককে বিবেচনায় নিয়ে কাজ করতে হবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেল থেকে জাতিসংঘের খাদ্য  ও কৃষি সংস্থার  (এফএওর) ৩৫তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক কনফারেন্সে বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, কোভিড-১৯ পরিস্থিতির কারণে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় দীর্ঘমেয়াদি কী প্রভাব পড়বে তা বলা মুশকিল। তবে বাংলাদেশ সরকার কোভিড-১৯ মোকাবিলায় দ্রুততার সঙ্গে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন করে যাচ্ছে। ফলে কোভিড-১৯ পরিস্থিতিতেও খাদ্য উত্পাদনের ধারা বজায় আছে। আশা করছি, করোনার প্রভাবে দেশে খাদ্য নিয়ে কোনো সংকট হবে না।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলে কৃষিসচিব মো. নাসিরুজ্জামান, খাদ্যসচিব ড. মোছাম্মত্ নাজমানারা খানুম, এফএওর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের ৩৫তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক কনফারেন্সের আয়োজক ভুটান। কোভিড-১৯ পরিস্থিতির কারণে ভিডিও কনফারেন্সের  মাধ্যমে ঢাকায় ১ থেকে ৪ সেপ্টেম্বর এ কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।