যুক্তরাষ্ট্রে আরেক কৃষ্ণাঙ্গকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গত মার্চে নিউ ইয়র্কের রোচেস্টারে এই ঘটনা ঘটে। ঘটনার পর সাত দিন লাইফ সাপোর্টে থেকে ৩০ মার্চ মারা যান ড্যানিয়েল প্রুড। তার পরিবারের পক্ষ থেকে ভিডিও প্রকাশের পরই বিষয়টি সামনে এলো। খবর আলজাজিরার
পুলিশের বডি ক্যামেরায় ড্যানিয়েলকে নির্যাতনের দৃশ্য পাওয়া গেছে। ভিডিওতে দেখা গেছে, কয়েক জন পুলিশ কর্মকর্তা ড্যানিয়েল প্রুডের মাথায় হুড পরিয়ে দিয়েছেন। তারপর দুই মিনিটের মতো মুখ রাস্তায় চেপে ধরেছেন। বুধবার পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বডি ক্যামেরার ভিডিও, তথ্য অধিকার আইনে পাওয়া যাবতীয় রেকর্ড প্রকাশ করা হয়। প্রুডের ভাই জো জানান, তিনি ২৩ মার্চ পুলিশের ৯১১ নম্বরে কল করেছিলেন। প্রুডের আত্মঘাতী চিন্তা ছিল এমন সন্দেহে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। ভিডিওতে দেখা যায়, তার পোশাকও খুলে ফেলা হয়। পেছনে দুই হাত বাঁধা। প্রুড চিত্কার করে বলছিলেন, ‘আমাকে অস্ত্র দেন। আমার এটা দরকার।’
