শিবচরে নদীতে পড়ে নিখোঁঁজ হওয়া ট্রলার শ্রমিক মো. রফিক মোড়লের (৩৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। গতকাল বৃহস্পতিবার উপজেলার শেখপুর বিলপদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রফিক শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর এলাকার বাসিন্দা।
শিবচর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রফিকসহ আরো কয়েক জন একটি ইঞ্জিনচালিত ট্রলারে নিজ এলাকা থেকে পাটকাঠি কিনে মাদারীপুরে বিক্রির উদ্দেশ্য রওনা হন। পথিমধ্যে ট্রলারটি শেখপুর এলাকায় পৌঁছলে বিলপদ্মা নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে রফিক পানিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এদিকে ফায়ার সার্ভিসের কোনো ডুবুরি দল না থাকায় উপস্থিত টিমের সদস্যরা কিছুক্ষণ পরে উদ্ধার অভিযান বন্ধ রাখে। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে অভিযান চালিয়ে বিকালে রফিকের মরদেহ উদ্ধার করে।
