রাশিয়ায় বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষপ্রয়োগের ঘটনায় ক্ষেপেছে পশ্চিমারা। তারা বলেছেন, রাশিয়া বিষ প্রয়োগের যথাযথ ব্যাখ্যা না দিতে পারলে নিষেধাজ্ঞা জারি করা হবে। এ নিয়ে মুখ খুলেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে জবাব চেয়েছেন। বিষয়টি নিয়ে ইউরোপের কূটনৈতিক মঞ্চে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। মার্কেল বলেন, নাভালনিকে যে হত্যার চেষ্টা হয়েছে, তার স্পষ্ট প্রমাণ মিলেছে। তার বক্তব্য, কীভাবে এই ঘটনা ঘটলো, কারা ঘটালেন এই সমস্ত তথ্য বিশ্বকে জানাতে হবে। রাশিয়াকে সেই দায়িত্ব নিতে হবে। রুশ সচিবালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছে এবং এর পেছনে রাশিয়া এমন অভিযোগ ঠিক নয়। অকাট্য প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলে তিনি উল্লেখ করেন। -ডয়চেভেলে ও রয়টার্স
