বাবরি মসজিদের বিকল্প জায়গায় আগে হাসপাতাল, পরে মসজিদ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০৬

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের বিকল্প হিসাবে যে পাঁচ একর জমি দেওয়া হয়েছে মুসলিমদের, সেখানে মসজিদেরও আগে একটি হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প যে জায়গা দেওয়া হয়েছে, সেটি নির্মাণের সব দায়িত্ব পড়েছে এই ট্রাস্টের ওপর। ট্রাস্টের সচিব আতহার হুসেন বলেছেন, নতুন এই পরিসরটিকে বাবরি মসজিদ বলা হবে না। এর নাম হবে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট কমপ্লেক্স। ওখানে একটি মসজিদ থাকবে ঠিকই, কিন্তু হাসপাতাল, যৌথ রান্নাঘর, একটি ইন্দো-ইসলামিক গবেষণাকেন্দ্র এবং একটি সংগ্রহশালাও থাকবে। ভারতীয় সংস্কৃতি এবং ইসলামিক সংস্কৃতির মিলন, ভারতীয় সমাজের ওপরে তার প্রভাব এসব নিয়েই গবেষণা হবে সেখানে। -বিবিসি