সম্প্রতি লাদাখ সীমান্তে সংঘর্ষের জেরে জনপ্রিয় গেম পাবজিসহ চীনের ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ভারত। এমন পরিস্থিতিতে ভারতের এই প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা করেছে চীন সরকার।
বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় চীনা অ্যাপ বাতিল ইস্যুতে ভারতের কড়া সমালোচনা করেন। ভারত যেন নিজের ভুল শুধরে নেয়, এই দাবি করেছে চীন। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাও ফেং এক সংবাদ সম্মেলনে এমনটি জানান। তিনি বলেন, চিনা বিনিয়োগকারী ও রফতানিকারকদের স্বার্থ এতে ক্ষতিগ্রস্ত হল।
জানা গেছে, চীনা পাবজি অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে ভারত শীর্ষে ছিল। প্রায় ১৭৫ মিলিয়ন মানুষ এই গেমটি ডাউনলোড করেছিলেন। মোট ব্যবহারকারীর ২৪ শতাংশই ছিলেন ভারতীয়।
এদিকে ভারতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এইসব অ্যাপ ভারতের সার্বভৌমত্বের পরিপন্থী। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গালওয়ানে সংঘাতের পর ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল চীনের ৪৭ টি অ্যাপ। যার মধ্যে ছিল হেলো, টিক টক, বুউটি প্লাসের মত একগুচ্ছ জনপ্রিয় চীনা অ্যাপ। ওই সব অ্যাপের মাধ্যমে চিনের সার্ভারে তথ্য চলে যাচ্ছিল বলে অভিযোগ ওঠে ভারতের পক্ষ থেকে। সীমান্তে সংঘাতের জেরে এ নিয়ে পরপর দু’দফায় চীনা অ্যাপ নিষিদ্ধ করলো ভারতের কেন্দ্রীয় সরকার।
ইত্তেফাক/এআর
