বাবরি মসজিদের জায়গায় আগে তৈরি হবে হাসপাতাল!

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৯

ভারতে বাবরি মসজিদের জন্য নির্ধারিত স্থানে প্রথমে হাসপাতাল তৈরি করতে চায় ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে উত্তর প্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড বাবরি মসজিদের বিকল্প জমি পেলেও সেখানে আগে হাসপাতাল তৈরি হবে বলেই খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম জিনিউজ। 

জানা যায়, প্রায় ২৫ কিলোমিটার দূরে পাঁচ একর জমি বাবরি মসজিদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। তবে রাম মন্দির নির্মাণ কাজ শুরু হলেও শুরু হয়নি বাবরি মসজিদের নির্মাণ কাজ।

খবরে বলা হয়, বাবরি মসজিদের নির্ধারিত এলাকাটির বাসিন্দারে দীর্ঘ দিনের দাবির কারণে একটি হাসপাতাল নির্মাণ করা হবে। তবে ধন্নিপুর গ্রামের ওই পাঁচ একর জমিতে রয়েছে সরকারি ফার্ম। একটি দরগাও রয়েছে। ওই এলাকায় এখনও কৃষিকাজ চলছে। 
 
ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্টের সচিব আতাহার হুসেন জানিয়েছেন, নতুন মসজিদ তৈরি হলেও তার সঙ্গে বাবরির কোনও সম্পর্ক থাকবে না। পাঁচ একর জমিতে মসজিদ ছাড়াও হাসপাতাল, রান্নাঘর, একটি ইন্দো-ইসলামিক গবেষণাকেন্দ্র এবং সংগ্রহশালা তৈরি হবে। আবাসিক ছাত্রদের থাকার ব্যবস্থাও থাকবে সেখানে।

সচিব আরও জানিয়েছেন, সবার আগে হাসপাতাল তৈরির কথা ভাবছেন তারা। কারণ এই মহামারির সময় দাঁড়িয়ে দরকার হাসপাতাল। প্রথমে এলাকার মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে চান তারা।

আরও পড়ুন: চলছে ভ্যাক্সিন তৈরির লড়াই

তবে তিনি আরও জানিয়েছেন, নতুন মসজিদের সঙ্গে বাবরি মসজিদের নকশার কোন মিলও থাকবে না। মানবিকতা, ভারতীয় সংস্কৃতি এবং ইসলামের মূল চিন্তা মূলত এই তিনটি বিষয়ই প্রাধান্য পাবে নতুন ডিজাইনে।


ইত্তেফাক/আরআই