স্বপ্নের দিন স্বপ্নের রাত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২১:২২

এই সময়ের ছড়া 

চন্দনকৃষ্ণ পাল

 

স্বপ্নগুলো ডানা মেলে

আকাশ ছোঁয়ার আগে,

ঝড় এসে যায় স্বপ্ন হারায়

আর আসে না বাগে।

 

স্বপ্নসিঁড়ি ঠিক সাজালাম

সকাল দুপুর সাঁঝে,

ভাঙা সিঁড়ি যতোই সাজাই

জোড়া লাগে না যে।

 

অপার আকাশ নীল চাঁদোয়া

হয় না ছুঁয়ে দেখা,

মনের ভেতর উথালপাথাল

অবুঝ কত রেখা।

 

ক্যানভাসে সব শূন্য থাকে

সময় হারায় দ্রুত,

এই নদীটা মৃত এখন

হারিয়েছে স্রোতও।

 

স্বপ্নসিঁড়ি হারিয়ে গেলে

আর থাকে না কিছু,

অশ ুভ দিন ভয়াল রাত

ছাড়ে না তো পিছু।

 

এসব নিয়েই একটা জীবন

কারো কারো কাটে,

সূর্য ওঠে সূর্য নামে

জীবন নদীর ঘাটে।