দাকোপে আউশের বাম্পার ফলন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২১:২৯

দাকোপ (খুলনা) সংবাদদাতা

দাকোপে আউশ ধানের ভালো ফলন ও দাম পেয়ে কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। তিলডাঙ্গা এলাকার কৃষক মিঠু গাইন বলেন, দুই বিঘা জমিতে আউশ ধানের চাষ করেছি। বিঘাপ্রতি ১৮ থেকে ২০ মণ ধান পাব বলে আশা করি। উপসহকারী কৃষি অফিসার মিজানুর রহমান জানান, এ বছর বিভিন্ন এলাকার কৃষকরা ব্রি-ধান ৪৮ ও ২৮ জাতের ধান চাষ বেশি করেছেন। আর সবচেয়ে ভালো ফলন হয়েছে ব্রি-ধান ৪৮-এ।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র কৃষি অফিসার মো. মোছাদ্দেক হোসেন বলেন, এ বছর রবি ফসল, বোরো ও আউশের ফলন তুলনামূলক খুব ভালো হয়েছে।