শুধু মেয়র পদে নতুন প্রার্থীদের মনোনয়ন দাখিলের সুযোগ
চাঁদপুর প্রতিনিধি
অনেক উদ্বেগ-উত্কণ্ঠা এবং জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চাঁদপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ অক্টোবর এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে চাঁদপুর পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। প্রজ্ঞাপনে পূর্ণাঙ্গ তপশিল ঘোষণা করা হলেও শুধুমাত্র মেয়র পদে নতুন কেউ প্রার্থী হতে চাইলে তার জন্যই মনোনয়নপত্র দাখিলের সুযোগ রয়েছে। অন্য কোনো পদে তথা সংরক্ষিত বা সাধারণ ওয়ার্ডে নতুন করে আর কারো মনোনয়নপত্র দাখিলের সুযোগ নেই এই তপশিলে। এমনকি মেয়র পদে যারা ইতিপূর্বে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের আর পুনরায় মনোনয়নপত্র জমা দিতে হবে না। অর্থাত্ মেয়র, সংরক্ষিত এবং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ইতিপূর্বে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং বৈধ ও চূড়ান্ত প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নাম ঘোষিত হয়েছে তারা প্রার্থী হিসেবে বহাল আছেন। তাই শুধুমাত্র মেয়র পদে প্রার্থী হতে ইচ্ছুক এমন পৌর নাগরিকদের জন্যই পুনরায় মনোনয়নপত্র দাখিলের সুযোগ দেওয়া হয়েছে। বিএনপির মেয়র প্রার্থী শফিকুর রহমান ভুঁইয়ার মৃত্যুতে গত ১৬ মার্চ নির্বাচন স্থগিত করা হয়। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী পূর্ণাঙ্গ তপশিল হচ্ছে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৫ সেপ্টেম্বর, বাছাই ১৭ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৪ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ১০ অক্টোবর।
