সীতাকুণ্ডে মাছ না দেওয়ায় দুই জেলেকে পিটিয়েছে সন্ত্রাসীরা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুণ্ডে সাগর থেকে ধরে আনা মাছ না দেওয়ায় দুই জেলেকে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দেলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় পুলিশ দিদারুল আলম (৪৫) ও সোহাগ (২০) নামে দুই জনকে আটক করেছে। জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু সন্ত্রাসী সাগর থেকে ধরে আনা জেলেদের মাছ জোরপূর্বক কেড়ে নেয়। এরই ধারাবাহিকতায় এদিন সন্ধ্যায় আবারও মাছ নিতে আসলে কৃষ্ণ জল দাশ ও বিন্দু জল দাশ নামে দুই জেলে এর প্রতিবাদ করে। এর জের ধরে সন্ত্রাসীরা তাদের পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড সরকারি হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, দুই জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।