এগিয়ে চলেছেন সেরেনা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৩

ইউএস ওপেন থেকে মারের বিদায়

স্পোর্টস ডেস্ক

ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ফেলিক্স অগার আলিয়াসিমের কাছে সরাসরি সেটে হেরে বিদায় নিয়েছেন। নারী এককে সেরেনা উইলিয়ামস অবশ্য জয়যাত্রা ধরে রেখেছেন। রাশিয়ান মার্গারিতা গ্যাসপারিয়ানকে সরাসরি সেটে হারিয়ে উঠে গেছেন তৃতীয় রাউন্ডে।

নিতম্বের চোট কাটিয়ে খেলতে এসেছিলেন প্রথম গ্র্যান্ড স্ল্যাম, তার ওপর পড়েছিলেন কঠিন এক অর্ধে। প্রথম ম্যাচেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েও জয় তুলে নিয়েছিলেন মারে। দ্বিতীয় ম্যাচের শুরুটাও যথারীতি হলো আগের ম্যাচের চিত্রনাট্য মেনেই।

প্রথম দুই সেটে কানাডিয়ান খেলোয়াড় ফেলিক্সের কাছে ৬-২, ৬-৩ গেমে হেরে গেলেও আগের ম্যাচের দারুণ নৈপুণ্য অনুপ্রেরণা জোগাচ্ছিল মারেকে। তবে অতিসম্প্রতি চোট কাটিয়ে ফেরা মারেকে এদিন ঘিরে ধরে কিছুটা অবসাদও। তৃতীয় সেটেও ২০ বছর বয়সি কানাডিয়ান খেলোয়াড়টির কাছে ৬-৪ গেমে হারলে বিদায় নিশ্চিত হয় ব্রিটিশ তারকার।

ম্যাচ শেষে মারের কণ্ঠেও তাই ঝরল শারীরিক অবসাদেরই কথা। বললেন, ‘প্রথম রাউন্ডে শারীরিকভাবে মনে হয় ভালোই করেছিলাম। কিন্তু আমার মনে হয়, যত বেশি টুর্নামেন্ট আপনি খেলবেন, যত বেশি ম্যাচ আপনি খেলবেন, আপনি আপনার শরীরে সেই বলিষ্ঠ ভাবটা তৈরি করতে পারবেন, সেটা এই মুহূর্তে আমার নেই বলে মনে হচ্ছে।’

নারী এককে রাশান মার্গারিতাকে শুরুর সেটে হারাতে সেরেনার অবশ্য বেগই পেতে হয়নি তেমন। তবে পরের সেটেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন আমেরিকান তারকা। তবে শেষ হাসিটা হেসেছেন সেরেনাই, ৬-২, ৬-৪ গেমে জিতে তৃতীয় রাউন্ডে পাড়ি জমান তিনি। সেখানে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স স্লোয়ান স্টেফেন্সকে। দিনের অন্য ম্যাচে হেরে জোহানা কন্তা ও গার্বিন মুগুরুজা বিদায় নিয়েছেন।