স্পোর্টস ডেস্ক
কোনো এক রকমের বল দিয়েই বিশ্ব জুড়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা উচিত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিসিয়াল ওয়েবসাইটে লেখা এক কলামে সেই দাবি জানিয়েছেন দেশের সাবেক পেস বোলিং কিংবদন্তি ওয়াকার ইউনুস। কোথাও ডিউক বল, কোথাও কুকাবুরা, কোথাও আবার চলে এসজি টেস্ট বল। একেক বলের সেলাই একেক রকম, গড়ন-ধরন আলাদা। প্রতিবারই বোলারদের মানিয়ে নিতে হয় নতুন করে। এর বিরুদ্ধে কথা বললেন ওয়াকার ইউনুস। তিনি লিখেছেন, ‘আমি অনেক বছর ধরেই ডিউক বলের বড় সমর্থক, তবে আমি মনে করি, এক ব্র্যান্ডের বল দিয়েই সব দেশে টেস্ট ম্যাচ হওয়া উচিত। যে প্রতিষ্ঠান কিংবা ব্র্যান্ডের বলই হোক, আইসিসির উচিত সিদ্ধান্তটি নেওয়া। একেক দেশে গেলে একেক রকমের বল দিয়ে খেলতে হয়, বোলারদের জন্য মানিয়ে নেওয়া খুব কঠিন।’
চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে ক্রিকেটে বেশ কিছু নিয়মে এসেছে পরিবর্তন। বিশেষ করে বলে লালা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আর ইংল্যান্ডের মাটিতে সদ্য শেষ হওয়া সিরিজে সেই নিয়মের সঙ্গে মানিয়ে নিয়েছে পাকিস্তান।
ওয়াকার লিখেছেন, ‘লালার ব্যবহার নিষিদ্ধ হওয়াটা টেস্ট সিরিজে দুই দলের জন্যই বড় চ্যালেঞ্জ ছিল। তবে ইংল্যান্ডে আবহাওয়ার কারণে সেটি খুব বড় সমস্যা হয়ে ওঠেনি। পিচগুলো যদিও শুষ্ক ছিল, তবে বাতাসে আর্দ্রতা ছিল প্রচুর এবং মাঠও ছিল সতেজ। বল ভালো অবস্থায় রাখতে তাই অসুবিধা হয়নি। কিন্তু অন্য সব জায়গায় বল ভালো অবস্থায় রাখা কঠিন চ্যালেঞ্জ।’
