মেসির ক্লাব বদল নিয়ে ধোঁয়াশা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৪

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি বার্সেলোনাতেই থাকবেন নাকি চলে যাবেন, এ নিয়ে আলোচনা চলছে গত আগস্ট থেকেই। পেন্ডুলামের মতো দুলতে থাকা এ সমস্যাটির সমাধান গতকাল পর্যন্তও বের করতে পারেনি দুই পক্ষ। বরং আরো বেশি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে আর্জেন্টাইনটির বার্সা ছাড়া নিয়ে।

দিন কয়েক আগে মেসির বিনা মূল্যে বার্সা ছাড়া নিয়ে বিবৃতি দিয়েছিল লা লিগা কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার বিকেলে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি ছয় বারের ব্যালন ডি’অর জয়ী তারকাটির পক্ষ থেকে লা লিগাকে দেওয়া এক চিঠিতে জানান, চুক্তির ধারা অনুযায়ী মেসির বিনা মূল্যে বার্সা ছাড়ার সুযোগ আছে।

চিঠিতে বলা হয়, ‘আমি জানি না কোন চুক্তিটা আপনারা বিশ্লেষণ করেছেন, আর ২০১৯-২০ মৌসুম শেষ হওয়ার পর একতরফা চুক্তি শেষ করার কারণে জরিমানা দিতে হবে এটাই বা কোন ভিত্তিতে বলছেন! এটা আপনাদের পরিষ্কার এক ভুল।’

মেসির চুক্তির ধারা তুলে এনে সেখানে বলা হয়, ‘চুক্তির ৮.২.৩.৬ ধারায় পরিষ্কার বলা আছে, ২০১৯-২০ মৌসুম শেষে খেলোয়াড়টি চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিলে ক্ষতিপূরণের ব্যাপারটা আমলে আনা হবে না।’

এরপর লা লিগা কর্তৃপক্ষও অবশ্য একটা জবাব দিয়েছে। যেখানে আগের অবস্থানই ধরে রেখেছে তারা।

তবে লা লিগাকে দেয়া মেসির বাবার চিঠির মাধ্যমে আর্জেন্টাইন তারকার ক্লাব ছাড়তে চাওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ পেলেও এরই কিছুক্ষণ পর এক ঘোষণায় সৃষ্টি হয়েছে বেশ ধোঁয়াশা। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, ইতোমধ্যেই ক্লাবে থাকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন মেসি। মূলত ২০ বছর খেলার পর আদালতে যাওয়া এড়াতেই এ সিদ্ধান্ত তার।