করোনার আতঙ্কে সাময়িক বন্ধ ক্রিকেটারদের অনুশীলন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৫

স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার রাতে হুট করেই খবর মিলল সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। করোনা আতঙ্কেই মূলত তিন দিনের বিরতি দেওয়া হলো অনুশীলনে। বিসিবির পাঠানো সূচি অনুযায়ী গতকালও ক্রিকেটারদের অনুশীলন ছিল। কিন্তু গতকাল অনুশীলনে আসেননি ক্রিকেটাররা। আজ ও আগামীকাল তাই বন্ধ থাকছে তামিম-মুশফিকদের অনুশীলন।

জানা গেছে, অনুশীলনে মাহমুদউল্লাহদের সঙ্গী হয়ে থাকা সাপোর্ট স্টাফদের মধ্যে করোনার উপসর্গ দেখা দিয়েছে। মিরপুরে এক ট্রেনার নাকি করোনা পজেটিভ হয়েছেন ইতিমধ্যে। যার কারণেই সাময়িকভাবে তিন দিন বন্ধ রাখা হলো অনুশীলন।

মিরপুরে বন্ধ থাকলেও দেশের বাকি ৬ ভেন্যু; চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বগুড়া ও রংপুরে আগের সূচিতেই চলবে অনুশীলন। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা পর্বে শুক্রবার, শনিবার ও রবিবার কোনো অনুশীলন রাখা হয়নি। অর্থাত্ আগামী তিন দিন ঢাকায় কোনো কার্যক্রম নেই।’

গত ১৯ জুলাই শুরু হয় বিসিবির ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনেই অনুশীলন করছিলেন ক্রিকেটাররা। সম্প্রতি গ্রুপ অনুশীলন শুরু হয়েছে। মিরপুরে সেন্টার উইকেটেও ব্যাটিং, বোলিং করছেন তামিম-মুশফিকরা। যদিও গত কিছুদিনে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কিছুটা ঘাটতি পড়েছে বলে দাবি বিসিবির কর্মকর্তাদের। 

করোনার সতর্কতায় গেল সপ্তাহে বিসিবি কার্যালয়ে ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতি আবারও চালু করা হয়। তখনই আভাস ছিল ক্রিকেটারদের অনুশীলনে করোনার বিরতি পড়তে পারে।