ডানিয়েল প্রুড হত্যাকাণ্ড, নিউ ইয়র্কের সাত পুলিশ বরখাস্ত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৭

নিউ ইয়র্কের রচেস্টারে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ ডানিয়েল প্রুডকে ‘শ্বাসরোধ’ করে হত্যার ঘটনায় সাত পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। খবর বিবিসির

রচেস্টারের মেয়র লাভলি ওয়ারেন সাত পুলিশকে বরখাস্তের ঘোষণা দিয়ে বলেন, সমাজের ভেতর শেকড় গেড়ে বসা বর্ণবিদ্বেষের কারণেই এ মৃত্যু। গত মার্চে পুলিশি হেফাজতে মারা যান প্রুড। গ্রেফতার করার সময় পুলিশ তাকে ‘স্পিট হুড’ পরিয়ে রাস্তায় মুখ চেপে ধরলে শ্বাসরোধ হয়ে প্রুড মারা যান বলে অভিযোগ উঠেছে। যদিও তখন ঘটনাটি আড়ালে থেকে গিয়েছিল।

তার দুই মাস পর গত মেতে মিনিয়াপোলিসে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহতের ঘটনায় বিশ্বব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভের জন্ম হয়। শুরু হয় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। বিবিসি জানায়, এতদিন চুপচাপ থাকলেও গত বুধবার প্রুডের পরিবারের সদস্যরা এক সংবাদ সম্মেলনে পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রুডকে শ্বাসরোধে হত্যার অভিযোগ আনে।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে রচেস্টারের মেয়র ওয়ারেন বলেন, ‘আমি আজ কাউন্সিলরদের মতামতের বিপক্ষে গিয়েই প্রশ্নবিদ্ধ কর্মকর্তাদের বরখাস্ত করছি।’ একই সঙ্গে আমি অ্যাটর্নি জেনারেলকে এ বিষয় তদন্ত শেষ করার আহ্বান জানাচ্ছি। ‘ডানিয়েল প্রুড আমাদের পুলিশ বিভাগ, আমাদের মানসিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং আমাদের সমাজ দ্বারা উপেক্ষিত হয়েছেন। এমনকি আমার দ্বারাও তিনি উপেক্ষিত হয়েছে। আমরা তাকে ব্যর্থ করে দিয়েছি।’

প্রুডে মার্চে মারা গেলেও মাত্র গত মাসের শুরুতে তিনি বিষয়টি জানতে পারেন জানিয়ে মেয়র আরো বলেন, ‘নগরীর পুলিশ প্রধান সময়মতো আমাকে প্রুডের মৃত্যুর বিষয়ে জানাতে ব্যর্থ হয়েছেন। ‘প্রুডের মৃত্যু প্রমাণ করে দিয়েছে, আমাদেরকে অতীতেও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। আজও আমাদেরকে সেই একই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।’