এএফপি
নিউজিল্যান্ডে তিন মাসেরও বেশি সময়ের মধ্যে প্রথম এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা একথা জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ৫০ বছর বয়সের ঐ ব্যক্তি ছিল আগস্টে অকল্যান্ডে গুচ্ছ সংক্রমণের অংশ। মিডলমোর হাসপাতালে তিনি মারা যান। এর ফলে নিউজিল্যান্ডে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়াল। গত মে মাসের পর দেশটিতে এটাই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা। নতুন করে একজনের মৃত্যুর খবরে দেশটিতে উদ্বেগের জন্ম দিয়েছে।
করোনা মহামারি নিয়ন্ত্রণে সব দেশের কাছে আদর্শ হয়ে উঠেছিল নিউজিল্যান্ড। প্রায় ১০০ দিনের বেশি সময় ধরে নিউজিল্যান্ডে নতুন করে কোনো সংক্রমণ ধরা পড়েনি। ফলে কঠোর বিধিনিষেধ কিছুটা শিথিল করতে শুরু করে কর্তৃপক্ষ। তারপর থেকেই নতুন করে সংক্রমণ শুরু হয়। নিউজিল্যান্ডে বৃহস্পতিবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৬৪। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৬৩০ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১১২টি এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ছয় জন।
