সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য নকল করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল কসমেটিক ও ইলেকট্রনিক্স পণ্য জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে র্যাব-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ একটি কারখানায় এ অভিযান চালানো হয়। এ সময় মালিকসহ সাত জনকে আটক করা হয়। আটককৃতরা হলো—কারখানা মালিক মো. বেলায়েত হোসেন, অপারেটর মো. মাঈনুল ইসলাম, আমিনুল ইসলাম, সোহাগ, সিরাজুল ইসলাম, রাজিব জোনায়েদ ও সেল্সম্যান কাউসার।
জানা যায়, র্যাব-৩ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মুনস্টার মার্কেটিং (প্রা.) লিমিটেড কারখানায় অনুমোদনহীন ও লাইসেন্স ছাড়া অবৈধভাবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইউকে, ইউএসএ, থাইল্যান্ড ও ইন্ডিয়াসহ বিভিন্ন দেশের নামি-দামি কোম্পানির তৈরি বডিস্প্রে ফগ, কোবরা, সিগনেচারসহ ২০ থেকে ৩০ ধরনের প্রসাধনী অবিকল নকল করে মেয়াদহীন কেমিক্যাল দ্বারা তৈরি করে বাংলাদেশে বাজারজাত করছে।
এছাড়াও এ কারখানায় এলডি, সনি, প্যানাসনিক, এলজিসহ বিভিন্ন ব্র্যান্ডের টিভি নকল করে প্রতারণামূলকভাবে বাজারজাত করে আসছে। ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, এসব প্রসাধনীর সঙ্গে মিথানল মিশিয়ে প্রসাধনী তৈরি করায় তা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৮০ থেকে ৯০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। কারখানা মালিকসহ আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানে র্যাব-৩ ও বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
