ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
বন্যা ও জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে ভোলাসহ উপকূলীয় এলাকাকে রক্ষা করার জন্য বাঁধের উচ্চতা বৃদ্ধি করতে সমীক্ষা চলছে। সমীক্ষা শেষে বাঁধের উচ্চতা ১৮ ফুট করা হবে। শুক্রবার ভোলা সদরের ইলিশাসহ দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় চলমান বাঁধ নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন ও নদীভাঙন কবলিত এলাকা ঘুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এসব কথা বলেন।
তিনি আরো বলেন, উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়ায় ফনী, আম্ফানসহ বিভিন্ন ঝড়ের সময় জলোচ্ছ্বাস হয়েছে। বন্যা ও জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে ভোলাসহ উপকূলীয় এলাকা রক্ষার জন্য বাঁধের উচ্চতা বৃদ্ধি করার প্রকল্প গ্রহণ করা হয়েছে। যা খুব শিগিগরই বাস্তবায়ন হবে।
মন্ত্রী বলেন, ষাটের দশকে নির্মিত বাঁধের উচ্চতা ১২ ফুট। কিন্তু এখন জলবায়ু পরিবর্তনের কারণে পানির উচ্চতা বাড়াতে হবে। তাই সমীক্ষার আলোকে আগামীতে ১৮ ফুট উঁচু করে বাঁধ নির্মাণ করা হবে।
এ সময় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুর রহমানসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
