নদীভাঙনের দুর্ভোগ থেকে মানুষকে রক্ষার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী ---- এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২২:২৭

ফরিদপুর প্রতিনিধি ও সদরপুর সংবাদদাতা

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী ও পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার। পরে এক সুধী সমাবেশে বক্তব্য দেন তারা। ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে শুক্রবার বিকালে স্থানীয় সুলতানীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়। এ সময় তারা এলাকাবাসীকে আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে  ‘যা যা করার প্রয়োজন’ তা করা হবে মর্মে আশ্বাস দেন।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের সভাপতিত্বে ঐ সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নিক্সন চৌধুরী বলেন, ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নদী ভাঙনকবলিত অবহেলিত জনপদ। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ নদীভাঙনের কারণে দুর্ভোগের মুখে রয়েছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরই নদীভাঙন ঠেকাতে প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভাঙনকবলিত অন্যান্য এলাকাতেও ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সচিবের দৃষ্টি আকর্ষণ করে সংসদ সদস্য বলেন, ভাঙনের কারণে এ এলাকার লোকজন কী অবস্থায় রয়েছেন তা আজ আপনি নিজের চোখে দেখে গেলেন। তাই আপনাকে নতুন করে বলার কিছু নেই। আশা করি আপনি এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন। বিশেষ অতিথির বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার। তিনি তার বক্তব্যে বলেন, আমি যমুনা পাড়ের লোক। দুই বার আমার দাদা ও শ্বশুরবাড়ি ভাঙনের কবলে পড়েছে। আমি জানি ভাঙনকবলিত এলাকার মানুষের সমস্যা আর দুঃখ-দুর্দশার কথা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে উদ্যোগ নিয়েছেন। আমরা এ উদ্যোগের বাস্তবায়ন করে যাচ্ছি। আশা করছি আগামী দিনে এ অঞ্চলের লোকদের আর ভাঙনজনিত সমস্যার মুখে পড়তে হবে না। বিশেষ অতিথির মধ্যে আরো বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান প্রমুখ। পরে মুজিববর্ষ উপলক্ষ্যে সুলতানীয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য ও সচিব।