নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৪২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। দেশটির গোয়েন্দা সংস্থার হাতে একটি ই-মেইল এসেছে। এতে স্পষ্টভাবে প্রধানমন্ত্রী মোদিকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি রিপোর্ট করেছে ভারতীয় মিডিয়া টাইমস নাউ।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক চিঠিতে এনআইএ জানিয়েছে, একটি ই-মেইল আইডি থেকে এনআইএ কিছু ই-মেইল পেয়েছে যার মাধ্যমে বিশিষ্ট ব্যক্তি এবং সরকারি এজেন্সিকে হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। ৮ আগস্ট লেখা এই চিঠিতে প্রধানমন্ত্রী মোদিকে হত্যা করার সরাসরি হুমকি দেওয়া হয়েছে। এই ই-মেইল প্রকাশ্যে আসার পরই তত্পর হয়েছে দেশের প্রত্যেকটি নিরাপত্তা সংস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়েছে। এনআইএর চিঠির তথ্য জানার পরই স্পেশাল প্রোটেকশন গ্রুপের সঙ্গে আলোচনা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, নরেন্দ্র মোদির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন স্পেশাল প্রোটেকশন গ্রুপের কমান্ডাররা। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার কথা জানা যায়।