ফুলবাড়ীতে ভাঙা কাঠের সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৬

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ীতে নীলকমল নদীর ওপর ভাঙা কাঠের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্থানীয়রা। জানা গেছে, গত চার বছর আগে ২০২ ফিট লম্বা এই কাঠের সেতুটি নির্মাণ করা হয়। ভাঙা কাঠের সেতু দিয়ে চলতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

মঙ্গলবার সকালে গিয়ে দেখা গেছে, ভাঙ্গাচোরা কাঠের সেতু ও রেলিং না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই পার হচ্ছেন। রেলিংবিহীন ঝুঁকিপূর্ণ সেতুটি দেখেও কোনো প্রকার সংযোজনের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। গত কয়েক দিন থেকে সেতুটির মাঝখানে ভেঙে যায় এবং নষ্ট হয়ে গেছে পুরো পাটাতন। তাই এই ঝুঁকিপূর্ণ ভাঙা সেতুটি দ্রুতগতিতে সংস্কার অথবা নতুন ব্রিজের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

উপজেলার সদর থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই সেতুটি অবস্থিত। এই সেতু দিয়ে উপজেলার মাঝিটারী, বালাটারী, কুমারটারী ও বিলুপ্ত দাসিয়ারছড়ার কামালপুর, হাবিবপুর, ফুলসাগর আবাসনের ১৮০টি পরিবারের লোকজনসহ হাজার হাজার মানুষের চলাচল। সেতুটি ভাঙার কারণে জরুরি চিকিত্সাসেবাসহ উত্পাদিত কৃষিপণ্য সদরের বাজারগুলোতে নিতে পারছেন না কৃষকরা।

স্থানীয় নবিউল, জাহাঙ্গীর, পরেশ চন্দ্র ও শান্তি রানিসহ অনেকেই বলেন, ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ কাঠের সেতুটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যেন দেখার কেউ নেই। স্থানীয় অনেক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন। বর্তমানে সেতুটির অবস্থা খুবই খারাপ। দ্রুত সংস্কার না করলে কয়েক দিনের মধ্যে চলাচল বন্ধ হয়ে যাবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, দ্রুত খোঁজখবর নিয়ে ভাঙা কাঠের সেতুটি সংস্কারের ব্যবস্থা করা হবে।