জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজার হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার বেলা ১১টায় জেলার শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতালের নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন হেলথ কেয়ার সেন্টারে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাশরাফির পক্ষ থেকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক ঘোষণা দেন, মাশরাফির জার্সি ও ব্রেসলেট নিলামে বিক্রি হয়েছে, সেই অর্থ দিয়ে নড়াইলে ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, নিলামে মাশরাফির ব্যবহূত ব্রেসলেট বিক্রির ৪২ লাখ টাকার একটি অংশ করোনায় কাজ করা কয়েকটি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে। বাকি ২৫ লাখ টাকা ও জার্সি বিক্রির অর্থ এবং আলতাফ হোসেন ও আক্তারুন্নেছা ট্রাস্টের আর্থিক সহায়তায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ১০শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে। অনুমোদন পেলেই এটি নির্মাণের কাজ শুরু হবে।
ফাউন্ডেশনের সহসভাপতি শামীমুল ইসলাম টুলুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, স্পেকট্রা হেক্সা গ্রুপের চেয়ারম্যান মো. আকরামুজ্জামান, ফাউন্ডেশনের উপদেষ্টা মাশরাফির বাবা গোলাম মোর্তজা স্বপন প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৭ সালে ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন গঠিত হয় । স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশসহ মোট ১১টি বিভাগে কাজ করে এই ফাউন্ডেশন।
