কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে দ্বিতীয় দিনের মতো ফেরি চলাচল বন্ধ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৫২

নাব্য সংকটের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে গতকাল দ্বিতীয় দিনের মতো ফেরি চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়ে অ্যাম্বুলেন্সে আসা রোগী, পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন। জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ছোট ট্রলার, লঞ্চ ও স্পিডবোটে চলাচল করেন অনেক যাত্রী। তবে ঘাটের দুই পাশে আটকা পড়েছে শতশত যানবাহন। শুক্রবার সকাল থেকে কাঁঠালবাড়ী ফেরিঘাটে যাত্রীবাহী  পরিবহন না আসলেও পণ্যবাহী পরিবহন আসতে দেখা যায়। এই রুটে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে চাপ বেড়েছে।

এদিকে পদ্মা সেতুর ২৫ নম্বর পিলারের কাছে নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ থাকলেও সেখানে এখনো ড্রেজিং শুরু হয়নি। ঐ এলাকাটি সেতু কর্তৃপক্ষের অধিগ্রহণকৃত হওয়ায় সেতু বিভাগের একটি ড্রেজার ডুবোচর এলাকার কাছাকাছি এসে পৌঁছেছে। তবে এখনো ড্রেজিং শুরু হয়নি। তবে কখন ড্রেজিং শুরু হবে, কখন ফেরি চালু হবে তাও নির্দিষ্টভাবে বলতে পারছে না বিআইডব্লিউটিএ। অপর দিকে মূল চ্যানেল লৌহজং টার্নিং চ্যানেলটিতে সাতটি ড্রেজারে ড্রেজিং করতে দেখা গেছে। আরো কয়েকটি ড্রেজার আসছে বলে জানা গেছে। গত ছয় দিন থেকে ফেরি চলাচল ব্যাহত হওয়ার পর বৃহস্পতিবার সকালে নাব্য সংকটের কারণে এ রুটে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। সেতুর ২৫ নম্বর পিলারের কাছে তিনটি ফেরি আটকে গেলে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। এর আগে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সকল চ্যানেল বন্ধ হয়ে গেলে পদ্মা সেতুর চায়না চ্যানেল দিয়ে সীমিত আকারে পাঁচ দিন ফেরি চলে।

বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী হাসান আহমেদ বলেন, পদ্মা সেতুর ২৫ নম্বর পিলারের কাছে অধিগ্রহণকৃত এলাকায় তারা ড্রেজার এনেছে। এখনো ড্রেজিং শুরু হয়নি। সেতুর উজানে আমরা দুইটি ড্রেজার বসাচ্ছি। এছাড়া লৌহজং টার্নিং চ্যানেলে জোরালো ড্রেজিং চলছে। চার/পাঁচ দিনের মধ্যে এটি চালু হবে।