গতকাল শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি-২৭ (পুরাতন) গ্যালারি শিল্পাঙ্গনে শুরু হয়েছে পাঁচ শিল্পীর যৌথ ড্রইং প্রদর্শনী। এই পাঁচ শিল্পী হলেন —বীরেন সোম, রঞ্জিত দাস, কৃষ্ণা চট্টোপাধ্যায়, শিপু মনিরুজ্জামান ও আল আখির সরকার। প্রদর্শনীতে ২০৫টি ছবি স্থান পেয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজি। ১২ দিনব্যাপী এই প্রদর্শনী শেষ হবে ১৫ সেপ্টেম্বর। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে প্রদর্শনী উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে কবি হাবিবুল্লাহ সিরাজি বলেন, স্কেচের ভেতর দিয়ে সমাজের আরেক রূপ আমরা দেখতে পাই। করোনার এই দুঃসময়ে প্রদর্শনীটি হতাশার মধ্যে যেন অনেকখানি পাওয়া।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্পী রশীদ আমিন বলেন, ড্রইংশিল্পীদের মৌলিক বিষয়। শিল্পী বীরেন সোম বলেন, করোনার মধ্যে বাসায় বসে থাকতে বিষণ্নতা আমাদের আচ্ছন্ন করে ফেলেছে। এই সময় এই প্রদর্শনী জীবনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। প্রদর্শনীতে পশু-পাখি, মানুষের অনুষঙ্গ এবং জীবনের বৈচিত্র্য ফুটে উঠেছে। সন্তানকে পিঠে বেধে পাহাড়ি নারীর পথ চলা, মায়ের কোলে শিশু, হুক্কা টানা, আড্ডাসহ যাপিত জীবনের অনেক অনুষঙ্গ রেখাচিত্রে ফুটে উঠেছে।
