সংযুক্ত আরব আমিরাতকে ইসরাইলগামী ফ্লাইট পরিচালনার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে বাহরাইন। এর ফলে দেশটির আকাশসীমা দিয়ে আমিরাত-ইসরাইল ফ্লাইট চলাচল করতে পারবে।
বাইরাইনের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আমিরাতের অনুরোধে এই অনুমোদন দেওয়া হয়েছে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গত মাসে আমিরাতের চুক্তি স্বাক্ষরের পর এই অনুমোদন দেওয়া হলো। বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আরব আমিরাত থেকে পরিচালিত সব দেশের ফ্লাইট চলাচলের জন্য বাহরাইনের আকাশসীমা ব্যবহার করতে পারবে। এই সিদ্ধান্তের ফলে আমিরাতের সঙ্গে ইসরাইলের ফ্লাইটের কয়েক ঘণ্টা সময় কমে যাবে।
এর আগে ইসরাইলের বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় সৌদি আরব। ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে গত সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে।
