পাবনা-৪ আসনের উপনির্বাচন

নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৮

আসন্ন পাবনা-৪ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে ঈশ্বরদী ও আটঘোরিয়ার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়েছে। বিগত নির্বাচনগুলোর মতো এই উপনির্বাচনেও নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাসকে বিপুল ভোটে বিজয়ী করতে অতীতের সকল দ্বিধাবিভক্তি ভুলে নেতা-কর্মীরা সকলেই ঐক্যবদ্ধ। ইতোপূর্বে প্রয়াত জননেতা শামসুর রহমান শরীফ যে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এই আসনে পর পর পাঁচ বার বিজয় নিশ্চিত করেছিলেন। নেতা-কর্মীরা এবার আরো বেশী শক্তিতে স্লোগান দিয়ে নূরুজ্জামান বিশ্বাসের নৌকার বিজয় নিশ্চিত করবেন। 

শনিবার (৫ সেপ্টেম্বর) ঈশ্বরদী ডাকবাংলো চত্বরে পাবনা জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রয়াত সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ স্মরণে আয়োজিত স্মরণ সভা ও প্রতিনিধি সম্মেলনে ঈশ্বরদী ও আটঘোরিয়ার সকল নেতা-কর্মী এই প্রত্যয় ব্যক্ত করেছেন। এসময় বক্তারা বলেন, শিকার ধরার সময় সিংহের সৌন্দর্য, আর আন্দোলন ও নির্বাচনে আওয়ামী লীগের সৌন্দর্য শোভা পায়। যার প্রমাণ আজকের এই প্রতিনিধি সম্মেলন। 

জেলার ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল এই সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল। সম্মানিত অতিথি ছিলেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। বিশেষ অতিথি ছিলেন শামসুল হক টুকু, ফিরোজ কবীর ও জেলার সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু ও জেলা আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার সৈয়দ আলী জিরু।

আরো পড়ুনঃ মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৭

প্রধান অতিথির বক্তব্যে এস এম কামাল বলেন, এখানে নৌকা হারলে আমি, আপনি হারবো। শেখ হাসিনা কষ্ট পাবে। জননেতা শামসুর রহমান শরীফের আত্মাও কষ্ট পাবে। আপনারা ঐক্যবদ্ধ থাকলে এখানে নৌকার বিজয় অবশ্যই নিশ্চিত হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা রাস্তা থেকে হাবিবকে তুলে এনে ছাত্রলীগের সভাপতি বানিয়েছিল। সেই হাবিব এখন প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী। হাবিব তার নিজের ইউনিয়নেই বিজয় অর্জনের ক্ষমতা রাখে না। 

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, আটঘোরিয়ার সভাপতি মেজর শহিদুল ইসলাম রতন, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদীর দায়িত্বপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান, আটঘোরিয়ার উপজেলা চেয়ারম্যান তানভীরুল ইসলাম তানভীর, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটনসহ আওয়ামী লীগের জেলা ও দুই উপজেলার নেতৃবৃন্দ এবং সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ সময় বক্তব্য রাখেন।

ইত্তেফাক/এমএএম