মো: কবির হোসেন (সুজন)
সিনিয়র প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা
প্রিয় একাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ শুভাশিস রইল। তোমাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে উত্তর প্রদান করা হলো।
উদ্দীপক: অর্থনীতিতে ধরে নেয়া হয় যে, মানুষ কোন কিছু তৈরি করতে পারে না। শুধুমাত্র উপযোগ সৃষ্টি করতে পারে। এই উপযোগের মাধ্যমে মানুষ তার প্রয়োজনীয় পণ্য বা সেবা হাতের মুঠোয় পেয়ে থাকে। তবে এটা একটা বিশেষ প্রক্রিয়ায় নির্দিষ্ট স্থানে উত্পাদন করা হয়। এই সব উত্পাদিত পণ্য ভোগকারী বা ব্যবহারকারীর নিকট পৌঁছানোর ক্ষেত্রে বেশ কিছু বাধা দেখা দেয় এবং এই সব বাধা দূর করে মানুষের দোড়গড়ায় পণ্য বা সেবা পৌঁছে যায়।
ক) ঝুঁকি কী?
খ) প্রাথমিক শিল্প বলতে কি বোঝায়?
গ) উপরের উদ্দীপকে নির্দিষ্ট স্থানে উত্পাদন ব্যবসায়ের কোন শাখার কাজ? আলোচনা করো।
ঘ) উদ্দীপকের দৃষ্টিকোণ হতে পণ্য বা সেবা পৌঁছানোর ক্ষেত্রে ব্যবসায়ের কোন কাজটি বিশেষ ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে করো? তোমার মতামত দাও।
উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর: আর্থিক ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলা হয়।
উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর: প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহের সকল প্রকার প্রচেষ্টাকে প্রাথমিক শিল্প বলা হয়।
প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহের মাধ্যমে কোন কিছু উত্পাদন করা হয়। এই উত্পাদনের জন্য প্রাকৃতিক সম্পদ সংগ্রহে বেশ কিছু কর্মপ্রক্রিয়া অনুসরণ করতে হয়। এই সকল কর্মপ্রক্রিয়াই হলো প্রাথমিক শিল্প। যেমন জমিতে ফসল ফলানোর জন্য বেশ কিছু কর্মযজ্ঞ, হ্যাচারিতে রেণু থেকে পোনা উত্পাদন, বীজ থেকে চারা উত্পাদন ইত্যাদি প্রাথমিক শিল্পের অন্তর্গত।
উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর: উপরের উদ্দীপকে নির্দিষ্ট স্থানে উত্পাদন ব্যবসায়ের শাখা শিল্পের কাজ।
প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ করে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করাকে শিল্প বলা হয়। একে উত্পাদনের বাহন বলা হয়।
উদ্দীপকের আলোকে মানুষ কোন কিছু তৈরি করতে পারে না। শুধুমাত্র উপযোগ সৃষ্টি করতে পারে। এই উপযোগের মাধ্যমে মানুষ তার প্রয়োজনীয় পণ্য বা সেবা হাতের মুঠোয় পেয়ে থাকে। যা একটা বিশেষ প্রক্রিয়ায় উত্পাদন করা হয়। শিল্পের কাজ হলো প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা। আর এই নির্দিষ্ট স্থান হলো শিল্প।
উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর: উদ্দীপকের দৃষ্টিকোণ হতে পণ্য বা সেবা পৌঁছানোর ক্ষেত্রে ব্যবসায়ের যে কাজটির বিশেষ ভূমিকা তুলে ধরা হয়েছে তা হলো বাণিজ্য।
শিল্পে উত্পাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীর নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা দেখা দেয় তা দূর করার কার্যকে বাণিজ্য বলা হয়।
উদ্দীপকে উত্পাদিত পণ্য ভোগকারী বা ব্যবহারকারীর নিকট পৌঁছানোর ক্ষেত্রে বেশ কিছু বাধা দেখা দেয় আর এই সব বাধাগুলো হলো অর্থগত, স্থানগত, কালগত, ঝুঁকিগত, প্রচারগত যা যথাক্রমে ব্যাংক,পরিবহন, গুদামজাতকরণ, বীমা এবং বাজারজাতকরণ এর মাধ্যমে দূর করা হয়। এই সব বাধা দূর করে মানুষের দোড়গড়ায় পণ্য বা সেবা পৌঁছে যায়। যা বাণিজ্যের কাজ।
ব্যবসায়ের একটি বিশেষ শাখা হলো বাণিজ্য। যা সরাসরি ভোগকারী বা ব্যবহারকারীর নিকট পণ্য বা সেবা পৌঁছে দেয়। যার ফলে ভোগকারী বা ব্যবহারকারী সহজে হাতের কাছে পণ্য বা সেবা পেয়ে থাকে। তাই ভোগকারী বা ব্যবহারকারীর নিকট পণ্য পৌঁছানোর ক্ষেত্রে বাণিজ্যের ভূমিকা অপরিসীম।
