সিনেমা হল গড়তে সরকারের ৭০০ কোটি টাকা বরাদ্দ
বিনোদন রিপোর্ট
করোনার প্রভাবে দেশের সব সিনেমা হল বন্ধ ঘোষণার পর এখন পর্যন্ত খোলার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অন্যদিকে দেশের সিনেমা হলের সংকটময় সময়ে সরকার থেকে অর্থ বরাদ্দের আলোচনাও হচ্ছে দীর্ঘদিন। হল মালিকদের প্রত্যাশা সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে হল সংস্কার করবেন তারা। অবশেষে হল মালিকদের মুখে হাসি ফুটলো।
দেশের সিনেমা হল বাঁচাতে উদ্যোগ নিয়েছে সরকার। বন্ধ হয়ে যাওয়া হলের সংস্কার ও নতুন সিনেমা হল গড়তে স্বল্প সুদে প্রায় ৭০০ কোটি টাকা ঋণ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। হল মালিক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ বলেন, ‘আমরা দীর্ঘদিন এক সংকটময় সময়ে মধ্য দিয়ে যাচ্ছি। মাঝে করোনার কারণে অনেক হল মালিক স্বচ্ছলতা হারিয়েছেন, এরকম অনেকেই আমাদের বলছিলেন যে, ঋণ না দিয়ে সরকার যদি এই বরাদ্দকৃত অর্থ অনুদান হিসেবে দিতেন, তাহলে বেশি উপকৃত হতেন। তবে সরকারের এই সহযোগীতার জন্য সাধুবাদ জানাই। এতে করে হলেও হল মালিকরা উপকৃত হবেন।’ অন্যদিকে সরকারের এই ঋণ সুবিধাকে সাধুবাদ জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, ‘সিনেমা হলের সংখ্যা দিনদিন কমছে। দেশের অনেক জেলায় একটি সিনেমা হল পর্যন্ত নেই। সরকারের এমন উদ্যোগের ফলে বন্ হয়ে যাওয়া হলগুলো যেমন সংস্কার হবে, তেমনি নতুন করে সিনেমা হল তৈরীতেও অনেকে এগিয়ে আসবেন। আর হল সংকটের বিষয়টি কেটে গেলে সিনেমা নির্মাণেও গতি আসবে। পরিচালক সমিতির এই নেতা বলেন, শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, যারা মাল্টিপ্লেক্স নির্মাণ করতে চান তারাও সরকারের বিশেষ বরাদ্দকৃত অর্থ থেকে ঋণ সুবিধা নিতে পারবেন।’ সরাসরি সরকারি কোষাগার থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কয়েকটি ব্যাংকে টাকা রাখা হবে। হল মালিকরা সেসব ব্যাংক থেকে ঋণ সুবিধা নিতে পারবেন। যা খুবই স্বল্প ঋণে ও দীর্ঘ মেয়াদী কিস্তিতে পরিশোধযোগ্য।
