আবারও ফিরছে পাঠাও বাইক সার্ভিস

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

সম্প্রতি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর নির্দেশনানুযায়ী, কোভিড-১৯ পরিস্থিতিতে ৬ মাস বন্ধ থাকার পর পাঠাও রাইড ঢাকাতে আবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

ইউজার এবং রাইডারদের জন্য সবচেয়ে নিরাপদ এবং সেরা সার্ভিস নিশ্চিত করাই পাঠাও এর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ইউজার ও রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা এবং হাইজিন নিশ্চিত করতে সেইফটি ফিচার, ট্রেইনিংসহ, সেফটি কিটস এর ব্যবস্থা করা হয়েছে।

পাঠাও, বৃহত্তম রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে, সবচেয়ে নিরাপদ পরিবহণ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) কর্তৃক জারিকৃত টেকনিক্যাল গাইডলাইন অনুযায়ী বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর সাথে সম্মিলিতভাবে কাজ করছে।

এ বিষয়ে পাঠাও সম্প্রতি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, সকল নতুন এবং পুরাতন ড্রাইভারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে যাতে তারা রাইড শেয়ারিংয়ের সময় যথাযথ পদক্ষেপ ও নিয়ামাবলি অবলম্বন করে।

রাইডারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারা প্রতিদিন তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করেন এবং অসুস্থ বোধ করলে চিকিত্সা গ্রহণ করেন। যেসব রাইডার এবং ইউজারদের অসুস্থতার খবর কনফার্ম হয়েছে, তারা কোভিড-১৯ মুক্ত হওয়ার মেডিকেল সার্টিফিকেট জমা না দেওয়া পর্যন্ত তাদের অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইউজার এবং রাইডারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে প্রতিটি যাত্রার আগে এবং পরে স্যানিটাইজার ব্যবহার করে হাত, বাহু এবং কনুই জীবাণুমুক্ত করে।

এক বিবৃতিতে পাঠাও-এর সিইও হুসেইন এম ইলিয়াস বলেছেন,‘কোভিড সঙ্কটের শুরু থেকেই আমাদের সমাজের সকলের নিজ নিজ দায়িত্ববোধ থেকে একত্রিত হয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাগুলো অত্যন্ত প্রশংসনীয়। যেহেতু আমরা এই কঠিন সময়ে স্বাভাবিকভাবে বাঁচতে শিখছি, নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’