দায়িত্বহীনতার জন্য কর্মকর্তাদের শাস্তি দেবে উত্তর কোরিয়া

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১:২১

বিবিসি

টাইফুনে হতাহতদের রক্ষায় ব্যর্থতার জন্যে স্থানীয় কর্মকর্তাদের ভয়ংকর শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছে উত্তর কোরিয়া সরকার। শনিবার দেশটির ক্ষমতাসীন দলের পত্রিকা রডং শিনমুনের খবরে বলা হয়েছে, দায়িত্বহীনতায় বেশ কিছু হতাহতের কারণে নগর ও প্রাদেশিক কর্মকর্তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে টাইফুন মেসাকের কারণে উত্তর কোরিয়া জুড়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এতে দেশের উনসন শহরের রাস্তাঘাট তলিয়ে যায়। এতে হতাহত হয়েছে বেশ কিছু লোক। তবে ঠিক কতজন আহত, নিখোঁজ কিংবা মারা গেছে তা সুনির্দিষ্টভাবে খবরে উল্লেখ করা হয়নি। তবে পত্রিকার খবরে আরো বলা হয়, কিম জং উনের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার নির্দেশনা সত্ত্বেও কর্মকর্তারা ঝুঁকিতে থাকা সম্পদসমূহ সার্বিকভাবে চিহ্নিত এবং বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে ব্যর্থ হয়েছেন। এ কারণে দায়ীদের দলীয়, প্রশাসনিক ও আইনিভাবে মারাত্মক শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাইফুন মেসাক দক্ষিণ কোরিয়াতেও আঘাত হানে। এতে দেশটিতে দুই জন মারা গেছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় বুসান শহর থেকে ২ হাজার ২০০-রও বেশি লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে সিউলে বসবাসরত পক্ষত্যাগকারী আন চান ইল বলেছেন, কর্মকতাদের শাস্তি দেওয়ার মানে হতাহতের জন্যে উত্তর কোরীয় নেতার নিজের দায় এড়ানো।