স্পোর্টস রিপোর্টার
শুক্রবার দুপুরে করোনা নেগেটিভ সনদ পাওয়ার পরপরই বিকেএসপিতে চলে গিয়েছিলেন সাকিব আল হাসান। বিকেএসপি থেকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গতকাল অনুশীলন শুরু করেছেন সাকিব। ক্রিকেটে প্রত্যাবর্তন মিশনের শুরুর দিনে রানিং করেছেন সাকিব। ছেলেবেলার গুরু মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে সকাল ৭-৮টা পর্যন্ত রানিং করেছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
আগামী এক সপ্তাহ ফিটনেসের কাজ চালিয়ে যাবেন তিনি। বিকেএসপির মধুমতি ভিআইপি রেস্টহাউজে অবস্থান করছেন সাকিব। বিকেএসপি থেকে গতকাল সূত্র জানায়, এখন ফিটনেসের কাজ করছে। রুটিন করা আছে। সৌরভও (মুমিনুল) এখানে আছে এখন।
সাকিবের সঙ্গে এখন বিকেএসপিতে অনুশীলন করছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। পেটের পীড়ার অসুস্থতা কাটিয়ে উঠে অনুশীলনে ফিরেছেন মুমিনুল। করোনা সতর্কতার কারণে মিরপুরে বন্ধ আছে ক্রিকেটারদের অনুশীলন। সাকিব-মুমিনুল ছাড়া চলতি বছরের শুরুতে যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলীসহ ছয় ক্রিকেটার এখন অনুশীলন চালিয়ে যাচ্ছেন বিকেএসপিতে।
