আইপিএলে করোনার
প্রকোপ
স্পোর্টস ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হতে এখনো দুই সপ্তাহ বাকি। অথচ, করোনা ভাইরাসের প্রকোপে টুর্নামেন্ট নিয়ে আছে শঙ্কা। আর চেন্নাই সুপার কিংস দলের বেশ কয়েক জন কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর অন্য দলের ক্রিকেটারও আতঙ্কিত।
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে দেশ ছাড়ার আগে নিজের শঙ্কার কথা জানান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের এক রেডিওতে সাক্ষাত্কারে উইলিয়ামসন জানিয়েছেন, ‘চেন্নাই শিবিরে সংক্রমণের খবর পেয়েছি। সত্যি খুব উদ্বেগজনক বিষয়। করোনায় কেউ আক্রান্ত হয়েছে, তা কেউ শুনতে চায় না। এতে শঙ্কা-ভয় বাড়ে। তবে আশা করছি এক সপ্তাহের মধ্যে সবাই সুস্থ হয়ে উঠবেন।’
তবে, ভয়-শঙ্কা ভুলে ক্রিকেটে মন দিতে চান তিনি। বললেন, ‘ভয় তো লাগছেই। তার পরও দলের সঙ্গে যোগ দিতে হবে। সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অনেক বেশি সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে হবে। কোনোভাবেই নিয়ম ভাঙা যাবে না। অতিরিক্ত সতর্কতা মেনেই এবার সানরাইজার্স শিবিরে যোগ দিতে হচ্ছে।’ সংযুক্ত আরব আমিরাতে যারা আছেন, তাদের কড়া স্বাস্থ্য সুরক্ষা বিধি মানতে হচ্ছে। অনেকটা বন্দি জীবনের মতোই সময় কাটছে ক্রিকেটারদের।
ভারতীয় পেসার মোহাম্মদ শামি বলেন, ‘শেষ চার মাস প্রত্যেকের কাছে খুবই কঠিন সময় ছিল। সবাই গৃহবন্দি ছিল। সত্যি বলতে, আমাকে সেভাবে থাকতে সমস্যা হয়নি। ফার্ম হাউজে পিচ তৈরি করেছি। সেখানেই নিয়মিত বোলিং অনুশীলন করেছি। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখাও হয়েছে। সেই চার মাস নিজেকে খুবই সুরক্ষিত মনে হয়েছে। কিন্তু দুবাইয়ে এসে আমার অস্থির লাগছে। এখানকার কড়া প্রটোকল, নিভৃতবাসে আমি হাঁপিয়ে উঠেছি।’ আইপিএলের সূচি এখনো ঘোষণা করা হয়নি। তবে, আগেই বিসিসিআই জানিয়ে রেখেছে আগামী ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
