স্পোর্টস রিপোর্টার
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যান এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করা একজন ট্রেনারের করোনা ধরা পড়েছিল। তারপরই সতর্কতা হিসেবে গত বৃহস্পতিবার রাতে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন তিন দিনের জন্য বন্ধ করেছিল বিসিবি। তিন দিনের মেয়াদ শেষ হচ্ছে আজ।
যদিও গতকাল জানা গেছে, এই মেয়াদ বাড়তে পারে। তিন থেকে পাঁচ দিন হতে যাচ্ছে অনুশীলন বন্ধের মেয়াদ। মিরপুরে অনুশীলন করা তামিম-মুশফিকদের তাই ৭ ও ৮ সেপ্টেম্বর বাসায় কাটাতে হবে।
বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী গতকাল এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ঢাকায় অনুশীলন বন্ধের মেয়াদ বাড়তে পারে। তবে এটাও আমাদের বুঝতে হবে কতদিন বন্ধ থাকলে ওদের ফিটনেসের সমস্যা হবে না। তিন থেকে পাঁচ দিনে আশা করি ওদের ফিটনেসে সমস্যা হবে না। আমরা খুব শিগিগরই বিদেশি ট্রেনারদের সঙ্গে বসব। কতদিন বন্ধ থাকবে সেটা ওদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে আমি আশা করছি, তিন-পাঁচ দিন। শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না। ওভাবেই চিন্তা করছি যাতে অনুশীলন বাধাগ্রস্ত না হয়।’ মিরপুরে বন্ধ থাকলেও দেশের বাকি ছয় ভেন্যু; চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বগুড়া ও রংপুরে আগের সূচিতেই চলছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন।
